আদালত প্রতিবেদকঃ বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থতায় ভুগছিলেন তৌফিক নেওয়াজ এবং তাঁকে হুইলচেয়ারে চলাফেরা করতে হতো। তাঁর প্রয়াণে পরিবার, নিকটাত্মীয় ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী দীপু মনি এবং এক সন্তান (মেয়ে) রেখে গেছেন।
বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় শীর্ষ এই নেত্রী। স্বামীর শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে তাঁর পক্ষে দ্রুত প্যারোলে মুক্তির আবেদন করা হচ্ছে।
দীপু মনির আইনজীবী এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান “চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। স্বামীর মৃত্যুর পর তাঁর শেষ বিদায়ে উপস্থিত থাকার সুবিধার্থে বুধবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) বরাবর প্যারোলে মুক্তির চেয়ে আনুষ্ঠানিক আবেদন করা হবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের পর ওই বছরের ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তারের পর থেকে তিনি কারাবন্দি রয়েছেন। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলাসহ ৬০টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে থেকে বিভিন্ন মামলার বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন।

