জয়নাল আবেদীন: রংপুর আইনজীবী সমিতি সংবাদ সম্মেলন করে জানিয়েছে একই পরিবারের চারজনকে হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার হওয়া দুই আসামির সম্পৃক্ততা প্রতীয়মান হওয়ায় তাদের আইনগত সহায়তা দেওয়া থেকে বিরত থাকবেন।
একই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করতে তদন্তকারী সংস্থাকে প্রমাণমূলক তথ্য ও উপাত্ত দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানিয়েছে আইনজীবী সমিতি। শনিবার সকালে আইনজীবী সমিতি কার্যালয়ে আয়োজিত রংপুরের চার হত্যাকান্ড নিয়ে সমিতির পক্ষে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন এসব কথা জানান। তিনি বলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনকে হত্যার ঘটনাটি নিকৃষ্টতম ঘটনা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা ইতিমধ্যে কয়েকজন সরকারি আইনজীবীসহ রংপুর সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা আইনজীবী সমিতির পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারকে বলতে চাই, আপনাদের পাশেই রয়েছি। আইনগত সব ধরণের সহায়তা আইনজীবী সমিতির পক্ষ থেকে দেওয়া হবে।আফতাব উদ্দিন বলেন, রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনের মরদেহ উদ্ধারের পর পুলিশ দুইজনকে আটক করেছে। তাদের দেওয়া তথ্য মতে লুণ্ঠিত গহনা উদ্ধার হয়েছে।
আটক দুইজন ইতিমধ্যে ১৬৪ ধারায় আদালতে হত্যাকান্ডের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। পুলিশি তৎপরতা, সাংবাদিকদের সহযোগিতায় এখন পর্যন্ত পুলিশের তদন্ত এবং কার্যক্রম সঠিক পথেই আছে বলে আমরা মনে করছি।আইনজীবী সমিতির এই নেতা বলেন, এই হত্যাকান্ড নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকমের গুজব ও গল্প সাজিয়ে প্রচার করছেন। কেউ কেউ এটাকে রাজনৈতিক করণের প্রচারণা চালানোর চেষ্টা করছেন। আইনজীবী সমিতির পক্ষ থেকে অনুরোধ এই হত্যাকান্ড নিয়ে কেউ রাজনীতি করবেন না, কোনো প্রকার গুজব ছড়াবেন না। তিনি আরও বলেন, আইনজীবী সমিতির সদস্যদের আলোচনা সাপেক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যদের হত্যাকান্ডের ঘটনায় আসামিদের পক্ষে আইনি সহযোগিতা না করার সিদ্ধান্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে রয়েছি এবং তাদের সবধরনের আইনি লড়াইয়ে আমরা পাশে আছি। এ সময় এই হত্যাকান্ড নিয়ে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছে এই আইনজীবী বলেন, আমরা বলছি না, এই দুইজনই শুধু ঘটনার সঙ্গে জড়িত আছে। তবে এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে তাদের সম্পৃক্ততা প্রতীয়মান হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষ হলে এই হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে। আমরা চাই প্রকৃত আসামিরাই যেন শা¯িত পায়। আফতাব উদ্দিন জানান,
আসামিপক্ষকে আইনগত সহায়তা থেকে বিরত থাকার এই সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্য। পরবর্তীতে মামলার তদন্ত এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেবো। এ সময় রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, রংপুর আইনজীবী সমিতির সভাপতি শাহেদ কামাল ইবনে খতিব, সহ সাধারণ সম্পাদক এ কে এম হারুন উর রশিদ, ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাওছার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
