রংপুরে ৪ খুন: আসামিদের আইনি সহায়তা দেবে না আইনজীবী সমিতি, গুজব না ছড়ানোর আহ্বান

0
রংপুরে ৪ খুন: আসামিদের আইনি সহায়তা দেবে না আইনজীবী সমিতি, গুজব না ছড়ানোর আহ্বান

জয়নাল আবেদীনঃ একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া দুই আসামির সম্পৃক্ততা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে রংপুর আইনজীবী সমিতি। তবে ন্যায়বিচার নিশ্চিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে সব ধরণের আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

শনিবার (২৯ আগস্ট) সকালে রংপুর আইনজীবী সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন এ সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির পক্ষ থেকে জানানো হয় – গ্রেফতারকৃত দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত গহনা উদ্ধার করা হয়েছে। ফলে আইনজীবী সমিতির সদস্যরা আলোচনা করে সাময়িকভাবে তাদের পক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে মামলার তদন্তের অগ্রগতির ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনের এই হত্যাকাণ্ডকে “নিকৃষ্টতম” আখ্যা দিয়ে সমিতির নেতারা জানান, ভুক্তভোগী পরিবারকে তারা সম্পূর্ণ বিনামূল্যে সব ধরণের আইনি সহায়তা দেবেন।

হত্যাকাণ্ডটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মিথ্যা তথ্য ও রাজনৈতিক রং চড়ানোর চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে অ্যাডভোকেট আফতাব উদ্দিন বলেন, “এই হত্যাকাণ্ড নিয়ে কেউ যেন রাজনীতি না করেন এবং কোনো প্রকার গুজব না ছড়ান।” সাংবাদিকদেরও সঠিক তথ্য তুলে ধরার অনুরোধ জানানো হয়।

এ পর্যন্ত পুলিশি তৎপরতা ও তদন্ত সঠিক পথেই এগোচ্ছে বলে সমিতি মনে করে। তবে গ্রেফতার দুইজনের বাইরে আরও কেউ জড়িত আছে কি না, তা পূর্ণাঙ্গ তদন্ত শেষে স্পষ্ট করার দাবি জানানো হয়, যাতে প্রকৃত সব অপরাধী শাস্তি পায়।

সংবাদ সম্মেলনে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, রংপুর আইনজীবী সমিতির সভাপতি শাহেদ কামাল ইবনে খতিব, সহ-সাধারণ সম্পাদক এ কে এম হারুন উর রশিদ এবং ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাওছার আলীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।