পঞ্চগড় প্রতিনিধিঃ কমরেড মোহাম্মদ ফরহাদের স্ত্রী রীনা খানম বলেছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এবং সংসদ সদস্য কমরেড মোহাম্মদ ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত। তিনি মহান ভাষা আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টিকে মানুষের মাঝে নিয়ে গিয়েছেন, দেশের জন্য তিনি ছাত্র, যুবক, ক্ষেতমজুরদের সংগঠিত করেছেন। তাদেরকে নেতৃত্ব দিয়ে দেশের অবস্থার পরিবর্তন করতে চেয়েছেন। তিনি ১৯৮৬ সালে দল থেকে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এই এলাকার গরীব দুঃখী মেহনতি মানুষের নেতা দুঃখ দুর্দশা দুর করতে চেয়েছিলেন। কিন্তু সে আজ আর আমাদের মাঝে নেই। তিনি না থাকলেও তার আদর্শ আজও বেঁচে আছে। তিনি কমরেড ফরহাদের আদর্শ ধারণ করে তার গড়া দল কমিউনিষ্ট পার্টির পতাকাতলে সবাইকে ঐক্যবন্ধ হওয়ার আহবান জানান।
শুক্রবার (৯ অক্টােবর) বিকেলে বোদা উপজেলার প্রামানিকপাড়ায় কমরেড মোহাম্মদ ফরহাদের নিজ বাসভবনে পঞ্চগড় জেলা সিপিবির আয়োজিত কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৯ তম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
সিপিবি পঞ্চগড় জেলা কমিটির সভাপতি কমরেড আশরাফুল আলমের সভাপতিত্বে মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মিহির ঘোষ।
এসময় অন্যান্যদের মধো বক্তব্য দেন, সিপিবি দিনাজপুর জেলা কমিটির সভাপতি এড. মেহেরুল ইসলাম, সিপিবি লালমনির হাট জেলা কমিটির সভাপতি এড. ময়েজুল ইসলাম ময়েজ, সিপিবি কুড়িগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম রাজু, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর আলম নান্নু, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউর রহমান রেজু, লেখক ও গবেষক আতাউর রহমান মিটন, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আবু তোরাব মানিক, সিপিবি পঞ্চগড় জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলী, পঞ্চগড় জেলা উদীচীর সাবেক সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিবি বোদা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড লিহাজ উদ্দিন মানিক। কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৯ তম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভার আগে তার স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

