পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা

0
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা

বাংলাদেশ প্রতিবেদকঃ তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। একই সঙ্গে গ্রেডভেদে সর্বোচ্চ মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কাঠামো কার্যকর হবে।

গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে ‘গার্মেন্টস’ শিল্প সেক্টর সংক্রান্ত চতুর্থ দিনের সভা অনুষ্ঠিত হয়। দুপুর থেকে শুরু হওয়া টানা আলোচনা শেষে দিবাগত রাত দেড়টা থেকে ২টার দিকে নতুন মজুরি কাঠামোর সিদ্ধান্ত জানানো হয়। বোর্ডের বৈঠকে প্রথম তিনটি গ্রেডে সর্বসম্মতিক্রমে মজুরি নির্ধারণ করা হয়। তবে সর্বনিম্ন গ্রেড (গ্রেড-৪)-এ ঐকমত্য না হওয়ায় বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯(১) ধারা অনুযায়ী গোপন ভোটের ব্যবস্থা করা হয়। বোর্ডের ছয় সদস্যের ভোটে চারটি ভোট ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ভোট ১৮ হাজার টাকার পক্ষে পড়ে। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।

নির্ধারিত প্রতিটি গ্রেডে যেসব শ্রমিকের বিদ্যমান মজুরি নির্ধারিত হারের চেয়ে বেশি বা সমন্বয়ের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে সর্বসম্মতিক্রমে ন্যূনতম ২ হাজার টাকা যোগ করে তা সমন্বয় করতে হবে। কারখানাগুলো চাইলে সক্ষমতা অনুযায়ী এর চেয়েও বেশি সমন্বয় করতে পারবে।

চলতি বছরের ১ নভেম্বর মজুরি বোর্ড গঠনের পর মাত্র ২৪ দিনের মাথায় প্রস্তাবনা চূড়ান্ত করা হলো, যা পোশাক খাতে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে অন্যতম দ্রুত সময়ের নজির। শিগগিরই গেজেট প্রকাশের মাধ্যমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

সভা শেষে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, আন্দোলনের সময় ৫০০-৬০০ কারখানা বন্ধ থাকলেও ‘নো ওয়ার্ক, নো পে’ ঘোষণা করা হয়নি বা গণহারে ছাঁটাই করা হয়নি। পাশাপাশি শ্রমিক ছাঁটাই বন্ধ, আটক শ্রমিকদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধে বোর্ড থেকে সরকারের কাছে সুপারিশ করার কথাও জানান তিনি।

সংশোধিত শ্রম আইন অনুযায়ী মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করার পর এ পর্যালোচনা অনুষ্ঠিত হলো। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল।

নতুন মজুরি নির্ধারণের দাবিতে সাম্প্রতিক সময়ে সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। আলোচনার শুরুতে শ্রমিকপক্ষ ৩০ থেকে ৩২ হাজার টাকা দাবি করলেও ধাপে ধাপে তা কমিয়ে ১৮ হাজার টাকায় আনে। অন্যদিকে মালিকপক্ষ শুরুতে ১৫ হাজার টাকা প্রস্তাব করলেও পরে ১৫ হাজার ৫০০, ১৫ হাজার ৭০০ এবং একপর্যায়ে ১৭ হাজার টাকা পর্যন্ত প্রস্তাব দেয়। দীর্ঘ দরকষাকষির পর ভোটের মাধ্যমে ১৭ হাজার টাকার ন্যূনতম মজুরি চূড়ান্ত হলো।