সুবর্ণচরে রাস্তা থেকে তুলে নিয়ে শিশুকে গণধর্ষণ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি

0
সুবর্ণচরে রাস্তা থেকে তুলে নিয়ে শিশুকে গণধর্ষণ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি

কাগজ প্রতিনিধি: সুবর্ণচর উপজেলার চরআলাউদ্দিনে ১৩ বছরের এক শিশুকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছে তিন নরপশু। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার নোয়াখালী জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

শিশুটির বড় বোন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর তার মেয়েকে (৯) নিয়ে বোন বাবার বাড়ি থেকে তার বাড়িতে আসছিল। পথিমধ্যে রাশেদ ব্যাপারীর বাড়ির কাছে পৌঁছলে একই এলাকার সোহেল, হোসেন ব্যাপারী ও চৌধুরী তার মুখ চেপে ধরে পাশের খামারে নিয়ে যায় এবং ধর্ষণ করে ফেলে যায়। তার মেয়ের কাছ থেকে খবর পেয়ে আত্মীয়স্বজন খামার বাড়ি গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

শুক্রবার দুপুর ১২টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক ডা. মাসুম আক্তার জানান, ধর্ষণের আলামত স্পষ্ট। চর জব্বর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল জানান, শিশুটির ভগ্নিপতি থানায় মামলা করেছেন। ঘটনার খবর পেয়ে থানার অফিসার ইনচার্জসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটির জবানবন্দি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কোনো ধর্ষক গ্রেফতার হয়নি বলে চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেদ আহম্মদ জানান।