সাবেক এমপির ছেলে ফেনসিডিলসহ গ্রেপ্তার

0
সাবেক এমপির ছেলে ফেনসিডিলসহ গ্রেপ্তার

বাংলাদেশ প্রতিবেদক: জাতীয় সংসদে আওয়ামী লীগ দলীয় সাবেক এক সংসদ সদস্যর ছেলেকে বগুড়ায় ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তার যুবক রাহিদ মোস্তাফিজকে (৪৫) আদালতে নিয়ে যাওয়া হয়েছে।
রাহিদ সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান পটল ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার পুতুলের ছেলে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল ওয়াদুদ।
গ্রেপ্তারের পর এ ঘটনায় মামলা করা হয়েছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল ওয়াদুদ আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বগুড়া শহরের কালিতলায় রাহিদের বাসায় অভিযান চালালে একটি কালো ব্যাগের ভিতর থেকে ‘৫৫ বোতল ফেন্সিডিল এবং ফেন্সিডিল বিক্রির নগদ ৪৭ হাজার টাকাসহ’ তাকে গ্রেপ্তার করা হয়।
রাহিদ দীর্ঘদিন থেকে ফেন্সিডিল সেবন ও বিক্রি করে আসছিল উল্লেখ করে তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর ফেন্সিডিল বিক্রি ও সেবনের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে রাহিদ।