পল্টনে হোটেল থেকে প্রতিমন্ত্রীর আত্মীয়ের লাশ উদ্ধার

0
পল্টনে হোটেল থেকে প্রতিমন্ত্রীর আত্মীয়ের লাশ উদ্ধার

সদরুল আইন: রাজধানীর পল্টনের একটি আবাসিক হোটেল থেকে রাজশাহীর বেসরকারি বারিন্দি মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম এসএমএ রশিদ (৬০)। তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সম্বন্ধী বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে পল্টনে হোটেল এশিয়া অ্যান্ড রিসোর্টের নবম তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত শনিবার (১১ জানুয়ারি) ঢাকায় আসেন এসএমএ রশিদ। ওই দিন বিকেলে তিনি ওই হোটেলে ওঠেন। আজ সোমবার সকালে ঘুম থেকে না ওঠায়, হোটেলের ম্যানেজার শিশির চন্দ্র ও রশিদের গাড়িচালক আরিফ হোসেন দুপুর ১২টার দিকে দরজা খুলে কক্ষের ভেতরে প্রবেশ করে তাকে অচেতন অবস্থায় দেখতে পান।

তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসএমএ রশিদের মৃত্যুকে ‘স্বাভাবিক’ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত এসএমএ রশিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সম্বন্ধী ছিলেন বলেও নিশ্চিত করেছেন ওসি আবুল হাসান।

এ ব্যাপারে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান জানিয়েছেন, এসএমএ রশিদের লাশ বর্তমানে ঢামেকের মর্গে রয়েছে। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।