পাঁচবিবিতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে যুবকের মৃত্যু

0
পাঁচবিবিতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে যুবকের মৃত্যু

শফিকুল ইসলাম: জয়পুরহটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের বিন্নিপাড়া গ্রামে জ্বর ও শ্বাসকষ্ট রোগে ছানাউল ইসলাম (২৮) নামে এক যুবক মারা গেছেন। সোমবার বিকেল পৌনে ৩ টায় তিনি নিজ বাড়িতে মারা যান। ছানাউল ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারমান আব্দুর রাজ্জাক স্থানীয়দের বরাত দিয়ে জানান, দরিদ্র যুবক ছানাউল বেশ কিছু আগে থেকে ঢাকা ও চট্টগ্রামে কখনো রিকশা আবার কখনো দিন-মজুরের কাজ করতেন। দীর্ঘ দিন ধরে তিনি হাাঁপানী ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। গত মাস দুয়েক আগে ছানাউল বাড়ি ফিরে আসেন। এরপর কিছু দিন সুস্থ থাকলেও গত ৩/৪ দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসসকষ্টে ভোগার পর ছানাউল মারা যান। এ ব্যাপারে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবীর জানান, খবর পেয়ে তিনি সিভিল সার্জন, উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছেন।