বাংলাদেশ প্রতিবেদক: ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ৯ দালালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলা সদরের শিকারপুর গ্রামের লিয়াকত হোসেনের ছেলে সেলিম হোসেন, হামদহ মাঝিপাড়ার নিরলস কুমারের ছেলে অপু মণ্ডল, কলাবাগান এলাকার মৃত মনোরঞ্জন ঘোষের ছেলে বিদ্যুৎ কুমার ঘোষ, পাসপাকিয়া গ্রামের হাসেম আলীর ছেলে রাজু আহমেদ, ঘোষপাাড়ার তাছলিমা বেগম, মহারাজপুরের মারিয়া খাতুন, কুলচারার স্মৃতি বেগম, শেখপাড়ার আফরিন সুলতানা ও রামচন্দ্রপুর গ্রামের বিলকিস বেগম।
গোয়েন্দা পুলিশের ওসি শাহীন উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে একটি দালালচক্র সদর হাসপাতাল থেকে সাধারণ রোগীদের মিথ্যা তথ্য দিয়ে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যাচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি নারীদের প্রত্যেককে ১০০ টাকা করে ও পুরুষদের ২০০ টাকা করে জরিমানা করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী।

