রাণীনগরে আঞ্চলিক মহাসড়কে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার তিন ডাকাতদলের সদস্য

0
রাণীনগরে আঞ্চলিক মহাসড়কে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার তিন ডাকাতদলের সদস্য

রাণীনগর প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে চলন্ত মোটরসাইকেলের গতিরোধ করে ডাকাতি করার সময় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি ও জনতার তাড়া খেয়ে দুটি মোটরসাইকেলে থাকা আরও পাঁচ ডাকাত সদস্য পালিয়ে যায়। শুক্রবার (১৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার গোনা মোড় এলাকায় এই ডাকাতির চেষ্টা চালানো হয়। শনিবার (২০ জুন) সকালে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁ সদর উপজেলার উত্তর সর্দারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১), বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের ফিরোজ মন্ডলের ছেলে সানা মন্ডল (২২) এবং একই গ্রামের মসিদুল ইসলামের ছেলে রাব্বি হাসান (১৯)।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান, শুক্রবার রাতে মাহবুব নামের এক ব্যক্তি মোটরসাইকেলযোগে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। তিনি উপজেলার গোনা মোড় এলাকায় পৌঁছামাত্র পিছন থেকে তিনটি মোটরসাইকেলে আসা ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাকে ধাওয়া করে।

এ সময় মোটরসাইকেলের পিছনে বসে থাকা আরোহী বিপদ টের পেয়ে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে মহাসড়কের পাশে থাকা স্থানীয় জনতা এবং টহল পুলিশ তাৎক্ষণিক এগিয়ে আসে। বেগতিক দেখে ডাকাত দল পালানোর চেষ্টা করলে পুলিশ ও জনগণ মিলে ধাওয়া করে উপজেলার খটেশ্বর এলাকা থেকে এক মোটরসাইকেলে থাকা তিন ডাকাতকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। তবে অন্য দুটি মোটরসাইকেলে থাকা বাকি ৫ ডাকাত সদস্য পালিয়ে যায় ।

ওসি জাকারিয়া মন্ডল আরও জানান, গ্রেপ্তারকৃতরা মূলত ডাকাতি করার উদ্দেশ্যেই সেখানে এসেছিল। চালক মাহবুবকে থামাতে পারলে হয়তো তারা মারপিট করে তার মোটরসাইকেলটি ডাকাতি করে নিয়ে যেত। গ্রেপ্তারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পালিয়ে যাওয়া বাকি ৫ ডাকাত সদস্যকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।