ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তৈরি হচ্ছে তালিকা, দেওয়া হবে বীজ-সার ও নগদ সহায়তা

0
ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তৈরি হচ্ছে তালিকা, দেওয়া হবে বীজ-সার ও নগদ সহায়তা

কুমিল্লা প্রতিনিধিঃ সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যায় দেশের কৃষি খাতে সৃষ্ট বিপর্যয় কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের জন্য বড় ধরনের পুনর্বাসন প্যাকেজের ঘোষণা দিয়েছে সরকার। প্রকৃত ক্ষতিগ্রস্তদের দোরগোড়ায় সরকারি প্রণোদনা পৌঁছে দিতে এবার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সুনির্দিষ্ট তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়েছে। তালিকা চূড়ান্ত হওয়ার পরপরই কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের বীজ, সার, আধুনিক কৃষি উপকরণ ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা বিতরণ করা হবে।

আজ শনিবার (১১ জুলাই) সকালে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত পক্ষকালব্যাপী জেলা বৃক্ষমেলা-২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবনিযুক্ত কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এসব তথ্য জানান।

এবারের আকস্মিক বন্যায় দেশের বিভিন্ন জেলার বিস্তীর্ণ অঞ্চলের ফসলি জমি, আমন ও আউশের বীজতলা এবং সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের আশ্বস্ত করে কৃষিমন্ত্রী বলেন “সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন জেলার কৃষিজমি, ফসল এবং আমাদের কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রকৃত ক্ষয়ক্ষতির সঠিক চিত্র নিরূপণে স্থানীয় প্রশাসনের মাধ্যমে একদম তৃণমূল তথা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। এই তালিকা ধরে ক্ষতির ধরন অনুযায়ী কৃষকদের বীজ, সার, কৃষি উপকরণসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে, যাতে তারা দ্রুত আবারও মাঠে ফিরতে পারেন।”

তিনি স্পষ্ট করে বলেন, কৃষকের উৎপাদন সচল রাখা এবং দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বদা আন্তরিক। কোনো প্রাকৃতিক দুর্যোগই যেন দেশের খাদ্য সরবরাহে বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্য সরকার আপৎকালীন তহবিল থেকে এই অর্থ ও উপকরণ জোগান দিচ্ছে।

বৃক্ষরোপণ কর্মসূচি ও সরকারি কৃষি সহায়তায় অতীতে হওয়া বিভিন্ন অনিয়ম এবং সাম্প্রতিক কিছু অভিযোগের প্রসঙ্গে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “দীর্ঘদিনের লুটপাটের অভ্যাস অনেকের হয়তো এখনো যায়নি। তবে সবাইকে পরিষ্কার জেনে রাখতে হবে, এটি আগের আমল নয়। সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি (মনিটরিং) করছেন। তাই এই কর্মসূচিতে বা কৃষকদের প্রণোদনায় অনিয়ম কিংবা দুর্নীতির কোনো সুযোগ নেই। কেউ নয়ছয় করার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

‘বৃক্ষপ্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার এবং জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেলা উপলক্ষে টাউন হল মাঠে হরেক রকমের ফলজ, বনজ ও ঔষধি গাছের পসরা সাজিয়েছেন নার্সারি মালিকরা।