জয়নাল আবেদীন: রংপুর জেলার আওতায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ড থেকে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। এতে রংপুর জেলার আওতাধীন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের মাঝে ১ কোটি ৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।
সোমবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খৃষ্টফার হিমেল রিছিল। জেলা প্রশাসন ও বিআরটিএ রংপুর সার্কেলের আয়োজনে চেক হস্তান্তর অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন বিআরটিএ রংপুরের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) শফিকুল আলম সরকার। জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যাক্তির পরিবার পাবে ৫ লাখ টাকা, গুরুতর আহত (স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না) পরিবার পাবে ৩ লাখ টাকা, গুরুতর আহত পরিবার পাবে ১ লাখ টাকা।
এ পর্যায়ে রংপুরে ১৭টি নিহতের পরিবার গুরুতর আহত (স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না) পরিবার-৫টি ও গুরুতর আহত পরিবার-৩ টি পরিবারসহ মোট ২৫ টি পরিবারের মাঝে ১ কোটি ৩ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিআরটিএ রংপুরের কর্মকর্তা-কর্মচারি, সড়ক দুর্ঘটনায় আহত/নিহতদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য রংপুরে ২০২৩ সাল হতে ২০২৬ সাল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় আহত/নিহত ১শ৯৫ টি পরিবারের মাঝে ৮ কোটি ৩৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

