কুলাউড়ায় এনসিপির কোন্দলে সংঘর্ষ ও রক্তক্ষয়: পদ বাণিজ্যের চাঁদা দাবিকে কেন্দ্র করে থানায় মামলা, গ্রেপ্তার ৫

0
কুলাউড়ায় এনসিপির কোন্দলে সংঘর্ষ ও রক্তক্ষয়: পদ বাণিজ্যের চাঁদা দাবিকে কেন্দ্র করে থানায় মামলা, গ্রেপ্তার ৫

কুলাঊড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) এবং এর অঙ্গসংগঠন যুবশক্তি ও ছাত্রশক্তির দুই পক্ষের মধ্যে মতবিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দলীয় কোন্দল, পদ দেওয়ার নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং ফেসবুকে লেখালেখির জের ধরে এই সহিংসতায় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াসহ ৫ নেতা-কর্মীকে আটক করে পরবর্তীতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়া পৌরসভার উত্তর বাজার এলাকার একটি রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত হয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এনসিপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা হলেন— সাফওয়ান জাহান চৌধুরী (২৮), জাবেদ রহমান (২৫), মারুফ আল হামিদ (২৬), রাজু আহমদ (২৫), সাফাকাত হোসেন (২৫), জিল্লু খান (২০), আরিফুল ইসলাম (২২)

ঘটনার পরপরই কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে জড়িত ৫ জনকে হাতেনাতে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন—এহসান জাকারিয়া (যুগ্ম আহ্বায়ক, মৌলভীবাজার জেলা এনসিপি), তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ, সোহাগ মিয়া

ঘটনার রাতে মৌলভীবাজার জেলা এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদ বাদী হয়ে কুলাউড়া থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রের বরাতে জানা যায়, অভিযুক্ত এহসান জাকারিয়া দলে পদ পাইয়ে দেওয়ার বিনিময়ে তামিম আহমদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে নানা হুমকি-ধমকি দেওয়া হয়। এর প্রতিবাদে তামিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিলে এহসান জাকারিয়া ও তাঁর অনুসারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এনসিপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক শ্বশুরালয়ে বেড়াতে এসে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে ওই রেস্তোরাঁয় বৈঠক শেষ করার পরপরই বাইরে ওত পেতে থাকা হামলাকারীরা তামিম ও তাঁর সঙ্গী নেতা-কর্মীদের ওপর চড়াও হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার জেলা এনসিপির সদস্যসচিব রুহুল আমিন জানান, সংগঠনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ফেরার সময় কতিপয় নেতা-কর্মী ও বহিরাগত দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। দলীয় তদন্ত শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে এবং জড়িত নেতা-কর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম জানান, তামিম আহমদের দায়ের করা চাঁদাবাজি ও হামলার মামলায় আটক ৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ।