রংপুরে চার খুন: সব গুঞ্জন ও আলামতের বৈজ্ঞানিক বিশ্লেষণ চলছে জানাল নবাগত কমিশনার মাহবুবুর রশীদ

0
রংপুরে চার খুন: সব গুঞ্জন ও আলামতের বৈজ্ঞানিক বিশ্লেষণ চলছে জানাল নবাগত কমিশনার মাহবুবুর রশীদ

জয়নাল আবেদীনঃ রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তদন্ত জোরদার করা হয়েছে। দেশজুড়ে আলোচিত এই ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটন এবং মূল অপরাধীদের সনাক্ত করতে মামলাটির তদন্তভার কোতোয়ালি থানা থেকে স্থানান্তর করে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশে (ডিবি) ন্যস্ত করা হয়েছে। বর্তমানে মামলার নতুন তদন্তকারী কর্মকর্তা (আইও) হিসেবে দায়িত্ব পালন করছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিনাত আলী।

শুক্রবার দুপুরে মাছুয়াপাড়ার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার মাহবুবুর রশীদ। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড নিয়ে দেশজুড়ে নানা গুঞ্জন ও তথ্য ছড়াচ্ছে। পুলিশ প্রতিটি বিষয় পেশাদারিত্ব ও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

মামলার অন্যতম আসামি সিদ্ধার্থ দাসের পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল—শিক্ষক গণপতি চক্রবর্তীর বাসার ছাদ পানি দিয়ে ধুয়ে ফেলে গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করা হয়েছে। এ প্রসঙ্গে পুলিশ কমিশনার স্পষ্ট করেন, “ঘটনাস্থল (ক্রাইম সিন) থেকে প্রয়োজনীয় সব আলামত ইতোমধ্যে নিয়ম মেনে সংগ্রহ করা হয়েছে। তাই আলামত ধুয়ে মুছে ফেলার কোনো সুযোগ বা অবকাশ নেই।”

পুলিশ কমিশনার জানান, মামলাটিতে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি সহ্য করা হবে না। রহস্য উদঘাটনে আধুনিক ডিজিটাল তথ্য-প্রযুক্তি, কল ডিটেইল রেকর্ড (সিডিআর) এবং গোয়েন্দা সংস্থার সাহায্য নেওয়া হচ্ছে। তদন্তের স্বার্থে নতুন কোনো তথ্য বা ক্লু পাওয়া গেলে তা তাৎক্ষণিক যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। নিরপেক্ষ তদন্ত শেষে আদালতে একটি নিখুঁত চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করাই পুলিশের মূল লক্ষ্য, যাতে ক্ষতিগ্রস্ত পরিবার ন্যায়বিচার পায়।

পরিদর্শনকালে মেট্রোপলিটন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা ও মাদক পরিস্থিতি নিয়েও কথা বলেন নবাগত পুলিশ কমিশনার। তিনি বলেন, “মাদক এখন কেবল রংপুরের নয়, এটি একটি জাতীয় ও সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।” ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি প্রতিশ্রুতি দেন—আগামী এক সপ্তাহের মধ্যেই নগরবাসী আইনশৃঙ্খলা ও মাদকমরদে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন।