ঈশ্বরদী প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একাংশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর নির্দেশনায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদী রেলগেট এলাকার খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। জাতীয়তাবাদী যুবদল নেতা জাকির হোসেন জুয়েলের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও যেকোনো ধরনের অপতৎপরতা জনগণ মেনে নেবে না। ঈশ্বরদীর মাটিতে কোনো ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থেকে সব ধরনের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।”
বক্তারা অভিযোগ করেন, ছাত্রলীগের নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। দলীয় পরিচয় আড়াল করে কেউ যেন ছাত্রদলের ছদ্মবেশে কোনো অপকর্ম করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা। একই সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের যেকোনো তৎপরতা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
মিছিলে ঈশ্বরদী উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্যসচিব সাহাবুদ্দিন আহমেদ সেন্টু সরদার, পৌর বিএনপির একাংশের আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল, সদস্যসচিব আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা বিস্টু সরকার, আশিকুর রহমান নান্নু, আক্কাস আলী খান, মনিরুজ্জামান টুটুল সরদার, হিরক সরদার ও মুনসুর মন্ডলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ঝটিকা মিছিলের ভিডিও পোস্ট করেন। পুলিশের ধারণা, গত ৫ সেপ্টেম্বর উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী এলাকায় তন্ময়ের নেতৃত্বে ওই মিছিল অনুষ্ঠিত হয়। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্টদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

