‘যে জেলায় পোস্টিং, সেখানেই বিয়ে!’—নারীসহ আটক সাবেক বিতর্কিত ওসি মাহবুব বরখাস্ত

0
‘যে জেলায় পোস্টিং, সেখানেই বিয়ে!’—নারীসহ আটক সাবেক বিতর্কিত ওসি মাহবুব 

রাজশাহী প্রতিনিধি: ‘কর্মস্থল বদলি হলেই নতুন সংসার পাড়া তার অভ্যাস’—পুলিশ কর্মকর্তা মাহবুব আলমের বিরুদ্ধে এমনই বিস্ফরক ও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন নিজেকে তার ষষ্ঠ স্ত্রী দাবি করা কনটেন্ট নির্মাতা আন্নি আক্তার। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর নাদের হাজির মোড়ের একটি ফ্ল্যাটে পরনারীকে নিয়ে দুই ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর, ফায়ার সার্ভিসের সহায়তায় ওই পুলিশ কর্মকর্তাকে আটক করেছে চন্দ্রিমা থানা পুলিশ।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ওই ফ্ল্যাটটি মাহবুব আলমের কথিত এক পালিত মেয়ের নামে ভাড়া নেওয়া। বৃহস্পতিবার রাত থেকেই সেখানে এক নারীকে নিয়ে অবস্থান করছিলেন সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত এই বিতর্কিত কর্মকর্তা। খবর পেয়ে শুক্রবার সকাল ৭টায় সেখানে হাজির হন তার ষষ্ঠ স্ত্রী আন্নি। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ৯৯৯-এ কল করা সত্ত্বেও পুলিশ এসে দরজা ভাঙতে গড়িমসি করে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ফায়ার সার্ভিস ডেকে দরজা ভেঙে মাহবুব আলম ও ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

আটকের পর আটককৃত নারীকে নিজের ‘স্ত্রী’ দাবি করলেও তাৎক্ষণিকভাবে কোনো কাবিননামা দেখাতে পারেননি সাবেক এই ওসি। উল্টো আন্নিকে চার দিন আগে তালাক দিয়েছেন বলে দাবি করেন তিনি। তবে তালাকের কোনো নোটিশ পাননি বলে জানান আন্নি। আন্নির অভিযোগ, “যে জেলাতেই ওনার পোস্টিং হয়, সেখানেই উনি বিয়ে করেন এবং অনৈতিক সম্পর্কে জড়ান।”

ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে এই কর্মকর্তার পেশাগত শৃঙ্খলা ভঙ্গ। সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ নিশ্চিত করেছেন, মাহবুব আলম সম্পূর্ণ বেআইনিভাবে কর্তৃপক্ষের অনুমতি ও ছুটি ছাড়া কর্মস্থল ত্যাগ করে রাজশাহীতে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে চন্দ্রিমা থানার ওসি থাকাকালে অনৈতিক লেনদেনের (খাম গ্রহণ) ভিডিও ভাইরালের মাধ্যমে অভিযুক্ত হন মাহবুব। পরবর্তীতে নওগাঁ জেলা পুলিশে কর্মরত থাকাকালীনও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। বর্তমানে এই ঘটনায় চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

শুক্রবার সন্ধ্যায় ডিআইজি মো. আশিক সাঈদ গ্ণমাধ্যমকে বলেন, ‘ইন্সপেক্টর মাহবুব আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত অফিস আদেশ পাওয়ার পর বিধি মোতাবেক তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম গ্রহণ করা হবে।’