এস. এম. সাইফুল ইসলাম কবির:বাগেরহাটের মোল্লাহাটে এক রাতেই দুটি বাড়ির গোয়ালঘর থেকে চারটি গরু চুরির অভিযোগ উঠেছে। শনিবার দিনগত রাতের যেকোনো সময় উপজেলার গাড়ফা ও দক্ষিণ গাড়ফা এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় গরুর মালিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গাড়ফা গ্রামের মো. ইকবাল হোসেন শেখের গোয়ালঘর থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের দুটি গরু চুরি হয়েছে। একই রাতে দক্ষিণ গাড়ফা এলাকার নজরুল মীরের গোয়ালঘর থেকেও দেড় লক্ষাধিক টাকা মূল্যের আরও দুটি গরু নিয়ে যায় অজ্ঞাতনামা চোরের দল।
চুরির বিষয়টি জানার পর মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একই সঙ্গে চুরি যাওয়া গরু উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম শুরু করেছে পুলিশ।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, “চুরির বিষয়টি দুঃখজনক। পুলিশ অত্যন্ত জোরালোভাবে বিষয়টি উদ্ঘাটন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছে।”
স্থানীয়রা জানান, একই রাতে পাশাপাশি এলাকায় দুটি গোয়ালঘর থেকে চারটি গরু চুরির ঘটনায় গরুর মালিকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত চুরি যাওয়া গরু উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

