চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক: ‘খেলাধুলায় সম্পৃক্ততা, সমাজে সম্প্রীতি ও অপরাধমুক্ত পরিবেশ’, এই প্রত্যয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো আয়োজিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর পর্দা নামে উৎসবমুখর পরিবেশে।
জমজমাট ফাইনালে নাচোল থানাকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে দুই দিনব্যাপী প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা (পুরাতন) স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। ফাইনালে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ও নাচোল থানা। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে ৫৬-২৮ পয়েন্টের ব্যবধানে নাচোল থানাকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা। নাচোল থানা হয় রানারআপ। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ ও সভাপতি। চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ আশিক সাঈদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুল, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নূরে আলম, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, খেলোয়াড়, সংশ্লিষ্ট ব্যক্তি ও দর্শনার্থীরা। আয়োজকদের মতে, কমিউনিটি পুলিশিংয়ের ধারণাকে শুধু আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রেখে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
খেলাধুলার মাঠে পুলিশ সদস্যদের অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সরাসরি সম্পৃক্ততা পারস্পরিক পরিচিতি ও যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি করে। বিশেষ করে তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করার পাশাপাশি মাদক ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখার ক্ষেত্রেও এমন আয়োজন ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাগুলোর অন্যতম কাবাডি। গ্রামবাংলার মাঠ থেকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গন—দীর্ঘদিন ধরেই এই খেলার সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের মানুষের আবেগ ও ঐতিহ্য। আধুনিক সময়ে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলার জনপ্রিয়তা বাড়লেও কাবাডি এখনো দেশের ক্রীড়া সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। থানাভিত্তিক এই প্রতিযোগিতার মধ্য দিয়ে সেই ঐতিহ্যবাহী খেলাকে নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তোলার পাশাপাশি স্থানীয় পর্যায়ের খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ তৈরি হয়েছে। সমাপনী খেলাকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়াম পরিণত হয় মিলন মেলায়।
মাঠে খেলোয়াড়দের দুর্দান্ত লড়াই, গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস এবং কাবাডির চিরচেনা উত্তেজনায় প্রাণ ফিরে পায় পুরো স্টেডিয়াম। ফাইনালের প্রতিটি মুহূর্তে ছিল প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ। একদিকে পয়েন্ট আদায়ের জন্য খেলোয়াড়দের কৌশলী অভিযান, অন্যদিকে প্রতিপক্ষকে আটকে দেওয়ার মরিয়া চেষ্টা, সব মিলিয়ে দর্শকদের মধ্যে ছিল টানটান উত্তেজনা। শেষ বাঁশি বাজার পর সদর মডেল থানার খেলোয়াড়দের উল্লাসে মুখর হয়ে ওঠে মাঠ। সামনে আরও বড় আয়োজনের প্রত্যাশা-প্রথমবারের এই আয়োজনকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে ভবিষ্যতে আরও বড় পরিসরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রত্যাশা রয়েছে। জেলার বিভিন্ন পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের সম্পৃক্ত করে প্রতিযোগিতার পরিধি বাড়ানো গেলে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হতে পারে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, খেলাধুলার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে যোগাযোগের নতুন ক্ষেত্র তৈরি হবে। একই সঙ্গে তরুণদের মাঠমুখী করার উদ্যোগ আরও জোরদার হবে। প্রতিযোগিতা, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার এই পরিবেশ স্থানীয় পর্যায়ে সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
কাবাডির মাঠে দুই থানার লড়াই দিয়ে শেষ হলেও, কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর মূল বার্তা ছিল আরও বিস্তৃত, খেলাধুলার শক্তিকে কাজে লাগিয়ে পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্কের সেতু আরও দৃঢ় করা এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা।

