মা-ছেলের রহস্যজনক মৃত্যু, সতীন আটক

0
মা-ছেলের রহস্যজনক মৃত্যু, সতীন আটক

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের দুলাল গ্রামে আঁখি বেগম (৩৫) ও আদিল মিয়া (৬) নামে মা ও ছেলের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যুর কারণ নিশ্চয়নে আঁখি বেগমের সতীন শাহিনা আক্তারকে (৩২) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মৃতদেহ দু’টি উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। একই সঙ্গে ঘটনার রহস্য উদঘাটনে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আঁখি বেগমের সতীন শাহিনা বেগমকে আটক করা হয়েছে। স্থানীয়রা জানান, নিহত আঁখি বেগম ওই গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক ওরফে বাবুর প্রথম স্ত্রী ও আটক শাহিনা আক্তার দ্বিতীয় স্ত্রী। আদিল মিয়া আঁখি বেগম-আব্দুর রাজ্জাক ওরফে বাবু দম্পত্তির ছেলে।

ঘটনার দিন আব্দুর রাজ্জাক ওরফে বাবু বাড়িতে ছিলেন না। তিনি বাংলাদেশ রেলওয়ে ঠাকুরগাঁও অঞ্চলে চাকরি করেন।

পারিবারিক সূত্র জানায়, আঁখি বেগমের বড় মেয়ে পার্শ্ববর্তী বজরা কঞ্চিবাড়ি গ্রামে নানা আতোয়ার রহমানের বাড়ি থেকে সন্ধ্যায় নিজ বাড়িতে ফিরে শয়নঘরের বিছানার ওপর তার মা ও ছোট ভাইয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করে। পরে আশপাশের লোকজন আসেন। তাঁদের পক্ষ থেকে খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। তবে, মামলার প্রস্তুতি চলছে।