বোদা প্রতিনিধিঃ ঞ্চগড়ের বোদায় নিজ শিম ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধনঞ্জয় চন্দ্র (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বটতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ধনঞ্জয় চন্দ্র ওই গ্রামের অনুকূল চন্দ্র বর্মনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধনঞ্জয় চন্দ্র রাতে শিম ক্ষেতে সেচ দেওয়ার উদ্দেশ্যে বৈদ্যুতিক মোটর চালু করতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯ টায় স্থানীয় কৃষি কাজে যাওয়ার সময় লোকজন শিম ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখলে তাঁর পরিবারের সদস্যদেরকে খবর দেন।
এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, এ ঘটনায় একটি ইউডি ও একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

