রাতের আধারে চাচার বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

0
রাতের আধারে চাচার বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

মুলাদী প্রতিনিধি: বরিশালের মেহেন্দীগঞ্জে রাতের আধারে চাচার বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে উপজেলার কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামের সালাম চোকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। জমি বিরোধের জেরধরে সালাম চোকদারের ভাতিজা তারেক চোকদার লোকজন নিয়ে দুইটি ঘরে আগুন দেয় বলে অভিযোগ করেন সালাম ও তার স্ত্রী শাহনাজ বেগম। এঘটনায় শাহনাজ বেগম বাদী হয়ে গতকাল বুধবার সকালে কাজিরহাট থানায় তারেক চোকদারসহ ১০জনকে আসামি করে মামলা করেছেন। কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তারেক চোকদার তার চাচার ঘরে আগুন দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

মামলায় শাহনাজ বেগম উল্লেখ করেন, সালাম চোকদারের সঙ্গে তার ভাতিজা তারেক চোকদারের জমি নিয়ে বিরোধ রয়েছে। গত ২ নভেম্বর তারেক চোকদার, মিরাজ চোকদারসহ তাদের লোকজন বাড়িতে হামলা করে বাড়িঘর ভাঙ্গচুর ও মালামাল লুট করেন। ওই ঘটনায় কাজিরহাট থানায় অভিযোগ করলে তারেক ও তার লোকজন ক্ষিপ্ত হন। ওই ঘটনার জেরধরে মঙ্গলবার গভীর রাতে তারেক চোকদার লোকজন নিয়ে সালাম চোকদার ও তার ভগ্নিপতি আলমগীর হোসেনের ঘরে আগুন দেয়। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও সালাম চোকদারের ঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং আলমগীরের ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়।

শাহনাজ বেগম বলেন, গত ৩১ অক্টোবর রাতের আধারে কে বা কাহারা তারেক চোকদারকে মারধর করে। ওই ঘটনায় তারেক চোকদার তার চাচা সালাম চোকদার ও ছেলেসহ ৮জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলার পর সালাম চোকদার, আলমগীর হোসেনসহ অন্যান্যরা এলাকা ছেড়ে পালিয়ে যান। এই সুযোগে তারেক ও তার লোকজন বাড়িঘরে হামলা চালায় এবং মঙ্গলবার রাতে দুটি বসত ঘরে আগুন দেয়। ঘরের মধ্য কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আলমগীর হোসেনের স্ত্রী নাসিমা বেগম বলেন, ‘হামলার ভয়ে মঙ্গলবার রাতে আমি ও শাহনাজ পার্শ্ববর্তী বাড়িতে ছিলাম। লোকজনের আগুন আগুন চিৎকার শুনে বাড়ির কাছে গিয়ে দেখি দুটি ঘর পুড়ে গেছে।’

তারেক চোকদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চাচা সালাম সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকায় তিনি লোকজন নিয়ে হত্যাচেষ্টা করেছিলেন। ওই ঘটনায় মামলা হয়েছে। মামলা ভিন্নখাতে নিতে তার স্ত্রী ঘরে আগুন দেওয়ার মিথ্যা মামলা করেছেন।’

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বসত ঘরে আগুনের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত শুরু হয়েছে এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।