আদালত প্রতিবেদকঃ অ্যার্টনি জেনারেল পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন মো: আসাদুজ্জামান। বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নির্বাচনে অংশের বিষয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাবো।
এখনো অ্যাটর্নি জেনারেল হিসেবে আছেন জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, ‘আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে ভোট করব। যখন সময় আসবে তখন করব।’
এ সময় ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তিনি অভিযোগ করেন, কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল।
আসাদুজ্জামান বলেন, ‘রায় ঘোষণার পর তিনি যে রায় পরিবর্তন করেছেন, তা দণ্ডবিধির ২১৯ ধারা অনুযায়ী একটি অপরাধ। কোনো একটি বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া হয়েছিল।’
তিনি আরও বলেন, যে রায় আপিল বিভাগ দেবেন, সেই রায় আগামী প্রজন্ম ও দেশের গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

