রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে রাতের অন্ধকারে একটি মোটরসাইকেল চুরি এবং ভোরে সড়কে বাঁশ ফেলে দেশীয় অস্ত্রে মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার কুজাইল বাজারে ও রোববার ভোরে আলোপাড়া মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের মারধরে উপজেলার কাশিমপুর চারাপাড়া গ্রামের মিশুক প্রামানিক (২৪) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মিশুক প্রামানিক জানান, রাতে নানা মারা যাবার খবর পেয়ে ভোর আনুমানিক পৌনে ৪টার দিকে একটি টমটম ভাড়া করে বাবা-মা ও পরিবারের লোকজনকে সাথে নিয়ে আত্রাই উপজেলার তিলাবুদুরি গ্রামে যাচ্ছিলাম। এ সময় পথে মধ্যে উপজেলার আলোপাড়া মোড় নামকস্থানে পৌঁছলে থ্রি পিস ও কালো প্যান্ট পড়া এবং মুখ বাঁধা তিনজন ছিনতাইকারী সড়কে বাঁশ ফেলে দিয়ে পথরোধ করে। এরপর দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে কাছে থাকা ২৩ হাজার টাকা এবং মা মেরিনা বিবির গলায় থাকা পাঁচ আনা স্বর্ণের মালা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনার খবর পেয়ে ভোরেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অপরদিকে উপজেলার খাগড়া গ্রামের জহুরুল ইসলাম বলেন, তিনি অবসরপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। সেই সুবাদে দীর্ঘদিন ধরে উপজেলার কুজাইল বাজারে একটি চেম্বারে বসে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। প্রতিদিনের ন্যায় শনিবার মোটরসাইকেল নিয়ে বাজারে গিয়ে চেম্বার এলাকায় ডিসকভার ১০০সিসি মোটরসাইকেল রেখে মসজিদে এশার নামাজ আদায় করেন। এরপর নামাজ শেষে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় রাতেই তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এসব ঘটনায় মামলারুজুসহ জড়িতদের ধরতে এবং মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

