মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাতভর মহানগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় ১৪ জন রয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, রবিবার রাতে ইয়াবা ও গাঁজাসহ মহানগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে শেখেরচক পঞ্চবটি গ্রামের জাফরের ছেলে মোঃ মহিম ওরফে মাহিমকে (২০) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬টি ইয়াবা ট্যাবলেট ও ১৬ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২৭০ টাকা জব্দ করা হয়।
একইরাতে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকার ভাটার পুকুরপাড়ে বাবু ওরফে ঘুটু বাবুর বসতবাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ছয়জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মহানগরীর বুলনপুর এলাকার মোঃ বকুল ওরফে কল্কা (৪৭), গুড়িপাড়ার মোঃ মিঠু (৪২), মোঃ রানা (৩৫), মোঃ মুন্টু শেখ (৫৫), বশড়ী এলাকার মোঃ ফরমান (৫৬) এবং লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মোঃ শামসুল আলম (৪৯)।
অভিযানে তাদের কাছ থেকে জুয়া খেলার ৫২ প্যাকেট তাস, দুটি স্মার্টফোন ও নগদ ৩ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক বাবু ওরফে ঘুটু বাবু (৫৫) পালিয়ে যায়। পরে তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক বাবুর বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

