ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের এক কক্ষে ফ্যান ও ঘড়ি না থাকার অভিযোগ করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। শুক্রবার (৩ মার্চ) গুচ্ছ ভুক্ত ‘বি’ ইউনিট তথা মানবিক শাখার ভর্তি পরীক্ষা শেষে এ অভিযোগ করেন তারা।
অভিযোগকারী এক শিক্ষার্থী বলেন, প্রশ্নের মান ভালো ছিল এবং আমি ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু পরীক্ষার হলে খুব অস্বস্তিতে ছিলাম। কারণ আমি যেরুমে পরীক্ষা দিয়েছি সেই রুমের ফ্যানগুলো নষ্ট ছিল এমনকি রুমে কোন ঘড়িও ছিলনা।
এবিষয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, আমাদের জানামতে সবগুলো ভবনেই ফ্যান, ঠিক থাকার কথা। তারপরও যেহেতু ফ্যানের সমস্যা দেখা গেছে আমরা অতি দ্রুত ঠিক করে নিব।
উল্লেখ্য, দেশের ২০ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত একযোগে ২১ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘বি’ ইউনিট তথা মানবিক শাখার এ ভর্তি পরীক্ষা। ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করে ৭ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী।

