সাহারার বুকে ট্র্যাজেডি: মরুভূমিতে লরি বিকল হয়ে তৃষ্ণায় ছটফট করে ৪৯ জনের মৃত্যু, গণকবরে দাফন

0
সাহারার বুকে ট্র্যাজেডি: মরুভূমিতে লরি বিকল হয়ে তৃষ্ণায় ছটফট করে ৪৯ জনের মৃত্যু, গণকবরে দাফন

আন্তর্জাতিক ডেস্ক: তপ্ত বালু আর তীব্র দাবদাহের নরককুণ্ডে পরিণত হলো সাহারা মরুভূমি। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের উত্তরাঞ্চলীয় সাহারা মরুভূমিতে লরি বিকল হয়ে পড়ার পর তীব্র পানিশূন্যতা ও প্রচণ্ড গরমে অন্তত ৪৯ জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

হৃদয়বিদারক এই ধুঁকে ধুঁকে মৃত্যুর ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন মাত্র দু’জন যাত্রী। তারা মাইলের পর মাইল জ্বলন্ত মরুভূমি হেঁটে আসামাকা সীমান্ত ক্রসিংয়ের কাছে পৌঁছাতে সক্ষম হন এবং স্থানীয়দের কাছে সাহায্যের আবেদন জানান।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হতভাগ্য যাত্রীরা প্রতিবেশী দেশ মালিতে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ‘ঈদুল আজহা’ উদযাপন শেষে লরিতে করে নিজ দেশে ফিরছিলেন। পথিমধ্যে মালির তেলহান্দেক এলাকা থেকে ছেড়ে আসা লরিটি নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয়ে আলজেরিয়া সীমান্তের কাছে অত্যন্ত দুর্গম ও বিপজ্জনক এলাকায় প্রবেশ করে।

সেখানেই আচমকা লরিটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। জনমানবহীন সাহারার তপ্ত বালুকারাশির মাঝে আটকা পড়েন তারা। লরির চালক ও যাত্রীরা কয়েক দিন ধরে আপ্রাণ চেষ্টা করেও গাড়িটি মেরামত করতে ব্যর্থ হন। একপর্যায়ে তাদের সাথে থাকা খাবার ও পানি ফুরিয়ে যায়।

আসামাকা সীমান্ত ক্রসিং থেকে মাত্র ৮০ কিলোমিটার পশ্চিমে এই মৃত্যুর মিছিল নামে। ওই অঞ্চলের তাপমাত্রা এতই বেশি ছিল যে পানি ছাড়া কয়েক ঘণ্টার বেশি টিকে থাকা অসম্ভব। উদ্ধারকারী দল যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন তারা লরির ভেতর এবং আশপাশে মানুষের নিথর ছড়ানো-ছিটানো দেহ পড়ে থাকতে দেখে। পরে উদ্ধারকারীরা ঘটনাস্থলেই একটি বড় গণকবর খুঁড়ে তাদের দাফন সম্পন্ন করেন।

আগাদেজ অঞ্চলের গভর্নর এক বিবৃতিতে জানান, চরম তাপমাত্রা এবং বিস্তীর্ণ মরুভূমিতে পানি বা কোনো সহায়তা কেন্দ্র না থাকায় এই রুটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে একবার পথ হারালে বেঁচে ফেরা প্রায় অলৌকিক বিষয়।

এই ভয়াবহ ঘটনার পর যখন মরুভূমিতে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছিল, তখন কাছাকাছি অন্য একটি এলাকায় আরেকটি লরি খুঁজে পায় নাইজারের নিরাপত্তা বাহিনী। সেই লরিটিতেও ৬০ জনেরও বেশি যাত্রী টানা তিন দিন ধরে মাঝ-মরুভূমিতে আটকে ছিলেন। তবে ভাগ্য ভালো থাকায় তাদের পানি শেষ হওয়ার আগেই উদ্ধার করা সম্ভব হয়। নিরাপত্তা বাহিনী তাদের পানি ও খাবার সরবরাহ করে এবং লরিটি মেরামত করে নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করে।

স্থানীয় একটি মানবাধিকার ও সমাজকল্যাণমূলক এনজিওর প্রধান গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “মরুভূমি পাড়ি দেওয়ার মরণফাঁদ নিয়ে আমরা বহু বছর ধরে সচেতনতা কার্যক্রম চালিয়ে আসছি। কিন্তু উৎসব শেষে বাড়ি ফেরা কিংবা লিবিয়া ও আলজেরিয়া হয়ে ইউরোপে পাড়ি জমানোর জন্য অভিবাসীরা এখনো এই রুটটি ব্যবহার করছে। ফলে নিয়মিত বিরতিতে এমন মর্মান্তিক প্রাণহানি ঘটছে।”

জাতিসংঘের তথ্যমতে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেয়েও বিপজ্জনক হলো এই সাহারা মরুভূমি পাড়ি দেওয়া। কিন্তু সঠিক নজরদারি ও বিকল্প কর্মসংস্থানের অভাবে প্রতিবছর হাজার হাজার মানুষ বুকভরা আশা নিয়ে এই মৃত্যুর পথ বেছে নিচ্ছেন।