ক্রীড়া প্রতিবেদক: ইউরোপের মাটিতে, ইউরোপেরই কোনো দেশের বিপক্ষে প্রথম ম্যাচ—ইতিহাসের পাতায় নাম লেখানোর মঞ্চটা আগেই প্রস্তুত ছিল। আর সেই ঐতিহাসিক মঞ্চে সব আলো একাই কেড়ে নিলেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। রক্ষণভাগের এই অতন্দ্র প্রহরীর অবিশ্বাস্য জোড়া গোলে সান মারিনোকে তাদেরই মাটিতে ২-১ ব্যবধানে হারিয়ে রূপকথার এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (৫ জুন) রাতে স্তাদিও অলিম্পিকো সেরাভালে স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোর মুখোমুখি হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। নতুন জার্মান কোচ থমাস ডুলির অধীনে এটিই ছিল বাংলাদেশের প্রথম ম্যাচ, আর প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত করলেন তিনি।
ম্যাচের শুরু থেকেই ইতিবাচক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ১৭তম মিনিটে অধিনায়ক জামাল ভূঁইয়ার শট প্রতিপক্ষ ডিফেন্সে বাধা পেলেও, দুই মিনিট পরেই (১৯ মিনিটে) উল্লাসে মাতে বাংলাদেশ। ডান প্রান্ত থেকে তরুণ তুর্কি শেখ মোরছালিনের চমৎকার মাপা ক্রসে নিখুঁত হেডে বল জালে জড়ান তপু বর্মণ (১-০)।
তবে ৩১ মিনিটে রক্ষণভাগের সামান্য অসতর্কতায় গোল হজম করে বসে বাংলাদেশ। সান মারিনোর বেরার্দি ডান দিক দিয়ে বক্সে ঢুকে ডিফেন্ডারদের বোকা বানিয়ে কাটব্যাক পাস দেন। বক্সে বাংলাদেশের তিনজন ডিফেন্ডার থাকা সত্ত্বেও কেউ বল ক্লিয়ার করতে না পারায় ফাঁকায় থাকা নিকোলাস জাকোপেত্তি লক্ষ্যভেদ করে সান মারিনোকে সমতায় ফেরান (১-১)। ৩৮ মিনিটে সাদ উদ্দিন গোলরক্ষককে একা পেয়েও বল পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারলে লিড নেওয়া হয়নি বাংলাদেশের।
বিরতির পর ডাগআউটে নিজের রণকৌশল বদলান কোচ থমাস ডুলি। জামাল ভূঁইয়া ও মোরছালিনকে তুলে নিয়ে তিনি মাঠে নামান সমিত সোম ও জায়ান আহমেদকে। একটু পর ইসা ফয়সালের জায়গায় নামেন ফাহামেদুল ইসলাম। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দারুণ পাসিং ফুটবলের পসরা সাজায় বাংলাদেশ।
৪৮ মিনিটে হামজা চৌধুরীর পাস থেকে রফিকুলের ক্রস এবং ৫৩ মিনিটে সাদের ক্রসে ফাহিমের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৬১ মিনিটে সান মারিনোর কাপিচ্ছিয়োনির এক বিপজ্জনক ফ্রি-কিক কর্নারের বিনিময়ে চমৎকারভাবে রক্ষা করেন বাংলাদেশি গোলরক্ষক মিতুল মারমা। এরপর বিশ্বনাথ ঘোষ মাঠে নেমে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ হাতছাড়া করেন।
প্রীতি ম্যাচে সাধারণত ৮ জন খেলোয়াড় পরিবর্তনের নিয়ম থাকলেও, দুই দলের পারস্পরিক সম্মতিতে এদিন আরও বেশি খেলোয়াড় পরিবর্তনের সুযোগ রাখা হয়েছিল। যার সুবিধা নিয়ে ৭৬ মিনিটে সোহেল রানা সিনিয়রকে তুলে কাজেম শাহ কিরমানিকে মাঠে নামান ডুলি।
ম্যাচ যখন ১-১ সমতায় শেষের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই আসে সেই মাহেন্দ্রক্ষণ। ৮৬ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় বাংলাদেশ। হামজার নেওয়া ফ্রি-কিক সরাসরি কেউ বিপদমুক্ত করতে না পারলে বল পান বিশ্বনাথ। তাঁর নেওয়া সাইড ভলিতে চলন্তাবস্থায় মাথা ছুঁইয়ে সান মারিনোর জাল কাঁপান তপু বর্মণ (২-১)।
ঐতিহাসিক এই গোলের পর জার্সি খুলে বুনো উল্লাসে মেতে ওঠেন তপু। আর গ্যালারিতে থাকা প্রবাসী বাংলাদেশি দর্শকেরা মেতে ওঠেন বাঁধভাঙা জয়ে।
বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের এক অবিস্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে থমাস ডুলির শিষ্যরা। ইউরোপের আঙিনায় বাংলাদেশের এই জয় দেশের ফুটবল ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করল।

