জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0
জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজকের ডেস্কঃ বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি মার্কিন ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার ভার্চুয়ালি অনুষ্ঠিত এশিয়া জিরো এমিশন কমিউনিটি (AZEC) প্লাস অনলাইন সামিটে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।

সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বর্তমান পরিস্থিতি কেবল আলোচনার নয়, বরং জরুরি পদক্ষেপ ও দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার সময়। বিশেষ করে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জরুরি সহায়তা নিশ্চিত করা আমাদের সম্মিলিত এজেন্ডার শীর্ষে থাকা উচিত।” তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকটে দ্রুত ও ইতিবাচক সাড়া দেওয়ার অনুরোধ জানান।

চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন যে, এবারের সংকটের পরিণতি ১৯৭০-এর দশকের তেল সংকটের চেয়েও কঠিন হতে পারে। তিনি স্মরণ করিয়ে দেন যে, সেই সময়ের সংকট আশির দশকের উন্নয়ন কার্যক্রমকে স্থবির করে দিয়েছিল। তিনি বলেন, “১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে বাংলাদেশ দারিদ্র্য বিমোচন ও প্রবৃদ্ধিতে যে নিরলস কাজ করেছে, বর্তমান সংকট সেই অর্জনকে পিছিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে।”

জ্বালানি সংকট সামাল দিতে অভ্যন্তরীণভাবে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। যার মধ্যে রয়েছে: সরকারি অফিস ও বাজারের সময়সূচি পরিবর্তন। জরুরি ভিত্তিতে জ্বালানি আমদানি বৃদ্ধি ও বিকল্প উৎসের সন্ধান। ভোক্তা পর্যায়ে জ্বালানি রেশনিং এবং খুচরা বিক্রয় সীমা নির্ধারণ। মজুতদারি ও আতঙ্কজনিত কেনাকাটা রোধে ‘ফুয়েল অ্যাপ’-এর প্রবর্তন।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, কোনো দেশ এককভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না। এশীয় দেশগুলোর মধ্যে সমন্বিত পদক্ষেপের মাধ্যমেই আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা জোরদার করা সম্ভব।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হওয়া এই সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমসহ এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন থেকে সম্মেলনে যোগ দেন। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম হুমায়ুন কবির।

সূত্রঃ বাসস