মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবীবাজার এলাকায় ফুটপাত ও সড়কের ড্রেন দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
শনিবার (৬ জুন) সকাল ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মোঃ মাসুদুর রহমান। অভিযানে ফুটপাত ও ড্রেন দখল করে নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফুটপাত ও ড্রেন দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং জনদুর্ভোগ বাড়ছিল। উচ্ছেদ অভিযানের ফলে পথচারীদের চলাচল সহজ হবে এবং এলাকার পরিবেশ ও যান চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অভিযান চলাকালে মিরকাদিম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে ফুটপাত ও ড্রেন দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

