বৈদ্যুতিক তাঁর ছিড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনটি গাভীর মৃত্যু

0
বৈদ্যুতিক তাঁর ছিড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনটি গাভীর মৃত্যু

 

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের টিয়ার বন্দর গ্রামের কৃষক আমজাদ আলী প্রামানিকের গো-খামারে বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি গাভীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই খামারির প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে । সোমবার (৩ আগস্ট) সকালে ওই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এদিন সকালে ওই খামারের ওপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের তার হঠাৎ ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় খামারে থাকা তিনটি গাভী বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ক্ষতিগ্রস্ত খামারি আমজাদ আলী প্রামানিক জানান, তিনি ৭টি গাভী লালন পালন এবং গাভীর দুধ বিক্রি করে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। তিনি অভিযোগ করেন, দুর্ঘটনার আশঙ্কা করে গো-খামারের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার সরিয়ে নেয়ার জন্য পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করেছিলেন। কিন্তু পল্লী বিদ্যুৎ অফিস এ ব্যাপারে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর অনেকেই জানান, নিয়মিত এসব বৈদ্যুতিক লাইনের রক্ষণাবেক্ষণ করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। তারা অবিলম্বে ঝুঁকিপূর্ণ এসব বিদ্যুৎ লাইন মেরামত এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, শাহজাদপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জহির আব্বাস খান জানান, বিদ্যুতের তার ছিঁড়ে খামারির ৩টি গাভীর মৃত্যুর খবর তিনি শুনেছেন। তিনি জানান বৈদ্যুতিক লাইনটা শাহজাদপুর জোনের আওতাধীন নয়। ওটা পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন। অন্যদিকে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, খবর পেয়েই পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।