জয়পুরহাটে রবিদাস সম্প্রদায়ের মাঝে ১১৬টি টুলবক্স ও ছাতা বিতরণ

0
য়পুরহাটে রবিদাস সম্প্রদায়ের মাঝে ১১৬টি টুলবক্স ও ছাতা বিতরণ

জয়পুরহাট প্রতিবেদক: জয়পুরহাটে রবিদাস সম্প্রদায়ের ১১৬ জন কর্মজীবীর মাঝে টুলবক্স, ছাতা ও জুতা পরিষ্কার করার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে জেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ মুশফিকুর রহমান ও জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ প্রমুখ।

​অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে আসা রবিদাস সম্প্রদায়ের ১১৬ জন সুফলভোগী—যারা সাধারণত জুতা তৈরি ও জুতা মেরামতের কাজে নিয়োজিত, তাদের হাতে প্রয়োজনীয় জিনিসপত্র, ছাতা ও টুলবক্স তুলে দেওয়া হয়।

উপকরণ পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে জয়পুরহাট পৌর এলাকার শিল্পা রবিদাস বলেন, “বর্ষা আর কড়া রোদের মধ্যে রাস্তায় বসে কাজ করতে খুব কষ্ট হতো। আজ ছাতা ও নতুন টুলবক্স পেয়ে আমাদের কাজের সুবিধা হলো। এতে আমরা পরিবার নিয়ে একটু ভালোভাবে চলতে পারব।”

​উপকারভোগী মন্টু রবিদাস বলেন, “আমাদের পুরনো বাক্সে সরঞ্জাম রাখা ও বহন করা কঠিন ছিল। জেলা পরিষদের এই উদ্যোগে প্রয়োজনীয় নতুন সামগ্রী পেয়ে আমাদের কাজের গতি বাড়বে।”

​একই অনুভূতি জানিয়ে সিতারাম রবিদাস বলেন, “আমাদের মতো খেটে খাওয়া মানুষদের কাজের প্রতি সম্মান জানিয়ে এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা জেলা পরিষদকে ধন্যবাদ জানাই।

​প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, সমাজে অবহেলিত ও প্রান্তিক পেশাজীবীদের স্বাবলম্বী করা এবং তাদের কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই জেলা পরিষদ এই সহায়তার উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।