সুনামগঞ্জ প্রতিনিধি: হাওরের নিস্তব্ধ জলে আজ আর ধানের ঢেউ নেই, নেই সবুজ শিষের দোলা—শুধু ভেসে বেড়াচ্ছে শোক আর নীরব কান্না। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুরমার হাওরে ধান রক্ষার কাজ করতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরমান মিয়া (২০) নামের এক যুবক।
রোববার (১২ এপ্রিল) শৌলডুয়ারী বাঁধে জলাবদ্ধতা নিরসনের কাজ চলাকালীন হঠাৎ মাটি ধসে পড়ে তিনি চাপা পড়েন। নিহত আরমান উপজেলার শালীয়ানী গ্রামের চাঁনপর মিয়ার একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাওরের বোরো ধান রক্ষায় কৃষকরা বাঁধ কাটার কাজ করছিলেন।সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আরমানকে উদ্ধারের চেষ্টা করেন। তবে মাটি চাপা পড়ার কারণে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
হাওরপারের মানুষের জীবন ও জীবিকা মূলত বোরো ধানের ওপর নির্ভরশীল। এই ধানই তাদের বছরের খাদ্য ও অর্থনৈতিক ভিত্তি। তাই তারা প্রায়ই জীবনের ঝুঁকি নিয়ে ফসল রক্ষার কাজে অংশ নেন।স্থানীয়দের মতে,উজান থেকে নেমে আসা পানির চাপ ও হাওরের জলাবদ্ধতা সমস্যা প্রতিবছরই কৃষকদের জন্য নতুন সংকট তৈরি করে। এতে ফসল রক্ষা করতে গিয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে আহাজারি,আর হাওরপারের মানুষ হারিয়েছে এক তরুণ প্রাণ।

