১৫ আগস্টকে ঘিরে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি ও ৮ প্লাটুন এপিবিএন মোতায়েন

0
১৫ আগস্টকে ঘিরে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি ও ৮ প্লাটুন এপিবিএন মোতায়েন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জজুড়ে জোরদার করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা। অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টুঙ্গিপাড়াসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আট প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবিবুল্লাহর যৌথ নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে যৌথ বাহিনীর মহড়াও শুরু হয়, যা গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় অব্যাহত ছিল।

নিরাপত্তার স্বার্থে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের প্রধান তিনটি গেটই বন্ধ রাখা হয়েছে।

সমাধিসৌধ এলাকা ও আশপাশের স্পর্শকাতর স্থাপনাগুলোতে বিজিবি ও এপিবিএন ছাড়াও পুলিশ ও র‍্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পোশাকধারী পুলিশ ও র‍্যাবের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো ঝটিকা কর্মসূচি বা বিশৃঙ্খলা প্রতিরোধে শহরের প্রবেশমুখ এবং স্পর্শকাতর পয়েন্টগুলোতে বসানো হয়েছে অস্থায়ী পুলিশি চেকপোস্ট। সন্দেহভাজন যানবাহন ও পথচারীদের তল্লাশি চালানো হচ্ছে।

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুরো গোপালগঞ্জ জেলাজুড়ে টহল ও নজরদারি জোরদার রাখা হয়েছে।