পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ভুয়া আমলনামা ও জাল দলিল তৈরি করে কোটি টাকার সরকারি জমি আত্মসাতের অভিযোগ উঠেছে এক স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম ওয়ারেচ খান (খাঁ)। তিনি ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নের আওয়ামী লীগের নেতা এবং ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার বলে জানা গেছে।
এই জালিয়াতি ও ভূমিদস্যুতার প্রতিকার এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ ছাড়াও একই অভিযোগ পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য সাবেক বানিজ্য ও স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চেীধুরীর কাছেও লিখিতভাবে প্রদান করা হয়েছে।
অভিযোগপত্র থেকে জানা যায়, অভিযুক্ত ওয়ারেচ খান ও তার সহযোগীরা পরস্পর যোগসাজশে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি হাতিয়ে নিতে একটি ভুয়া আমলদারী তৈরি করে একতরফা ডিক্রি লাভ করেন। রেজিস্ট্রিবিহীন এই আমলনামার কোনো বৈধ রেকর্ড আদালতেও নেই। মূলত একই পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের বাদী-বিবাদী সাজিয়ে একটি ছোলেনামার মাধ্যমে এই প্রতারণা করা হয়। পরবর্তীতে হাছন খাঁ ও খালেক নামের দুই ব্যক্তির নাম ব্যবহার করে বিভিন্ন সাধারণ মানুষের কাছে ভুয়া দলিল সম্পাদন করে দেওয়া হয়, যা স্থানীয় শালিস ব্যবস্থার মাধ্যমেও সমাধান করা সম্ভব হয়নি বলেও উল্লেখ করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, জে.এল নং- ৪০, উত্তর সুবিদখালী মৌজার এস.এ ২৫০ নং খতিয়ানে মোট ১০.৯৪ শতাংশ জমি রয়েছে। এই জমির প্রকৃত মালিক মূলত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই খতিয়ানের আওতাভুক্ত ১২ দাগ নাল জমি, অবশিষ্ট ১২ দাগ বেবাজিয়া খাল, ৩নং আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের রাস্তা এবং একটি সনাতন ধর্মাবলম্বীদের ‘কালী বাড়ী মন্দির’ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, এস.এ ২৫০ নং খতিয়ানের মূল রেকর্ডীয় মালিক ছিলেন শ্যামা চরন দে সরকার, বিনয় ভূষন দে সরকার ও অমরেন্দ্র নাথ দে সরকার। এর মধ্যে বিনয় ভূষণ ও অমরেন্দ্র নাথ ১৯৫৭ ও ১৯৫৮ সালে তাদের অংশ বিক্রি করেন। কিন্তু অপর মালিক শ্যামা চরন নাথ কোনো দলিল না দিয়েই মৃত্যুবরণ করেন এবং তার কোনো ওয়ারিশ ভারতে বা অন্য কোনো দেশে নেই। ফলে আইন অনুযায়ী এই সম্পত্তির মালিক বাংলাদেশ সরকার। কিন্তু অভিযুক্ত ওয়ারেচ খাঁ ৩ নামে ভুয়া আমলদারী করে এই সরকারি সম্পত্তি সম্পূর্ণ আত্মসাৎ করেছেন।
এই জালিয়াতির সঙ্গে আশ্রাব আলী, কেসব চন্দ্র, হাচন আলী খাঁ ও খালেক সিকদার নামের ব্যক্তিরা জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়।
দ্বিতীয় অভিযোগ: লিজকৃত ভিপি সম্পত্তি দখল ও অর্থ হাতিয়ে নেওয়া:
অভিযোগপত্রে ২ নম্বর অভিযোগে বলা হয়েছে, উত্তর সুবিদখালী মৌজার এস.এ ২৪৮ নং খতিয়ানের ভিপি কেস নং- পিকে/৬৬-৬৭ এর অধীনে ২৭৭, ২৭৩ ও ২৮৭ নম্বর দাগে মোট ২২ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে ১১ শতাংশ জমি লিজ নিয়ে ঘরবাড়ি তৈরি করে বসবাস করছেন আঃ সত্তার মোল্লা নামের এক ব্যক্তি। বাকি ১১ শতাংশের মালিক মো: সামসুদ্দিন, বাহা উদ্দিন খান ও নাসির উদ্দিন খান। লিজ গ্রহীতা উপরোক্ত ৩ জনই। কিন্তু মূল লিজ গ্রহীতারা অনেক আগে মৃত্যুবরণ করার সুযোগে ভূমিদস্যু ওয়ারেচ খান উক্ত সরকারি ভিপি সম্পত্তি অন্য লোকদের বুঝিয়ে দেওয়ার কথা বলে ভুয়া দলিল তৈরি করেন। বিনিময়ে সাধারণ ক্রেতাদের অন্য জায়গা দেখিয়ে দিয়ে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

