বাংলাদেশ প্রতিবেদকঃ শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে টানা ৯ দিনের ছুটি শুরু হতে যাচ্ছে। আগামী ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) ক্লাস শেষে শিক্ষার্থীদের এই দীর্ঘ ছুটির সূচনা হবে এবং ২৫ অক্টোবর (রোববার) পুনরায় নিয়মিত পাঠদান শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির ক্যালেন্ডার বিশ্লেষণে দেখা যায়, এবার দুর্গাপূজা উপলক্ষে মূল ছুটি নির্ধারিত রয়েছে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ৫ দিন। তবে পূজার মূল ছুটির আগে ও পরে জোড়া সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) যুক্ত হওয়ায় ছুটির মেয়াদ প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে।
ছুটির আদ্যোপান্ত ও সময়সূচি: ১৬ ও ১৭ অক্টোবর (শুক্রবার ও শনিবার): সাপ্তাহিক ছুটি, ১৮ থেকে ২২ অক্টোবর (রোববার থেকে বৃহস্পতিবার): শারদীয় দুর্গাপূজার নির্ধারিত সরকারি ছুটি , ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার): সাপ্তাহিক ছুটি
পূজার নির্ধারিত ছুটি ২২ অক্টোবর শেষ হলেও পরবর্তী দু’দিন সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয় প্রাঙ্গণে ফিরতে হচ্ছে না। ফলে টানা ৯ দিন ছুটি কাটিয়ে আগামী ২৫ অক্টোবর রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুনরায় মুখরিত হবে ক্লাসরুম।

