বাংলাদেশ প্রতিবেদকঃ সীমান্তে ‘অবৈধ পুশ-ইন’ ও ভারতের কথিত আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে রাজনৈতিক দলগুলো। এর প্রতিবাদে ১১ দফা দাবিতে রাজধানীর বারিধারায় অবস্থিত ভারতীয় দূতাবাস অভিমুখে এক বিশাল মশাল মিছিল করেছে বাংলাদেশ আজাদ পার্টিসহ কয়েকটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। তবে মিছিলটি গুলশান-১ গোলচত্বরে পৌঁছালে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে এবং সেখানে তীব্র উত্তেজনা তৈরি হয়।
শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে সাতটার দিকে রাজধানীর মহাখালীর আমতলী এলাকা থেকে মশাল ও প্ল্যাকার্ড হাতে মিছিলটি শুরু হয়। মিছিলকারীরা ভারতীয় দূতাবাসের দিকে অগ্রসর হতে চাইলে গুলশান-১ মোড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য তাদের গতিরোধ করে। পুলিশের বাধায় ক্ষুব্ধ আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনেই রাস্তায় বসে পড়েন এবং ঢাক-ঢোল ও মশাল জ্বালিয়ে ভারতবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন।
মিছিলটির অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন বাংলাদেশ আজাদ পার্টির আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান, কর্নেল অলি এবং ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে ডাকসুর সাবেক নেতা এবি জুবায়ের সীমান্তে পুশ-ইনের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “আজ দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে বাংলাদেশের ভূখণ্ডের পক্ষে দাঁড়াতে হবে। ভারত অবৈধভাবে বাংলাদেশে মানুষ পুশ-ইন করছে। আমরা সরকারকে আহ্বান জানাব—সীমান্তে আরও শক্তিশালী ও সাহসিকতাপূর্ণ বাহিনী গড়ে তুলুন। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের কোনো ‘প্রভু’ নাই, সবাই বন্ধু। আমরা এখন থেকে সবার সাথে চোখে চোখ রেখে সমতার ভিত্তিতে কথা বলব।”
বিক্ষোভ সমাবেশে যুব জাগপার সভাপতি রাশেদ প্রধান ভারতের অখণ্ড ভারত ধারণার কড়া সমালোচনা করে এক বিস্ফোরক হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “অখণ্ড ভারতের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। বাঙালি জাতি এর উচিত জবাব ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দিয়ে দিয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা নিয়ে যারা খেলবে, তাদের ছেড়ে দেওয়া হবে না।”
উত্তরাঞ্চলের ভূরাজনীতি নিয়ে ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “রংপুর বিভাগ নিয়ে যদি কোনো ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র করা হয়, তবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তখন সেভেন সিস্টার্স আর ভারতের মানচিত্রে থাকবে না।”
আন্দোলনকে কেন্দ্র করে গুলশান, বনানী ও কূটনৈতিক পাড়া বারিধারা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাজোয়া যানসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়। তবে মশাল মিছিলের গতি রোধ করা ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে গুলশান জোনের পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলশান-১ গোলচত্বর এলাকায় ব্যারিকেডের সামনেই বিক্ষোভকারীদের অবস্থান ও স্লোগান চলছিল।

