কুবি প্রতিনিধি: ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ, শহীদ আব্দুল কাইয়ুমের পরিবারকে আগামী ৫ আগস্টের ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে আমন্ত্রণ জানাতে সাভারে তাদের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি দল।
সোমবার (৩ আগস্ট) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ আব্দুল কাইয়ুমের পরিবারের হাতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক এবং ডেপুটি রেজিস্ট্রার মো. মোশারফ হোসাইন।
আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শহীদ আব্দুল কাইয়ুমের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হবে।
এছাড়া, শহীদ পরিবারের যাতায়াত ও আবাসনের প্রয়োজনীয় ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। শহীদ আব্দুল কাইয়ুমের পরিবারের উপস্থিতি তাঁর স্মৃতির প্রতি সম্মিলিত শ্রদ্ধা নিবেদনকে আরও অর্থবহ ও মর্যাদাপূর্ণ করে তুলবে।
শহীদ আব্দুল কাইয়ুমের বিভাগ একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “শহীদ আব্দুল কাইয়ুম আমার বিভাগের শিক্ষার্থী ছিলেন। সে আমার সরাসরি শিক্ষার্থী ছিলো। তাই আগামী ৫ আগস্ট অনুষ্ঠিতব্য ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর অনুষ্ঠানে তাঁর পরিবারকে আমন্ত্রণ জানাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে আমি নিজেও তাদের বাসায় এসেছি। শহীদ আব্দুল কাইয়ুমের মা-বাবা অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও অর্থবহ ও মর্যাদাপূর্ণ করে তুলবে।”

