মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরে জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে ফ্রি ওয়াই-ফাই জোন স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে|
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে রহমান-এর পাড়া-মহল্লায় ফ্রি ওয়াই- ফাই সুবিধা প্রদানের অঙ্গীকারকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি| বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আধুনিক ও সুবিধাজনক একটি ফ্রি ওয়াই-ফাই জোন উদ্বোধন করেন তিনি| এ সময় মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন| উদ্যোক্তারা জানান, এই সেবার মাধ্যমে শিক্ষার্থী, তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ সহজেই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন| ফলে জ্ঞান অর্জন, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি আরও সহজ হবে|
উদ্বোধনী অনুষ্ঠানে রফিকুল ইসলাম রবি বলেন, এটি কেবল প্রযুক্তিগত সুবিধা নয়, বরং একটি প্রগতিশীল ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ|
নগরবাসীর দোরগোড়ায় প্রযুক্তি পৌঁছে দিয়ে একটি ডিজিটাল ও সচেতন সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য| তিনি আরও বলেন, জনসেবামূলক কার্যক্রম অতীতেও করা হয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে| এদিকে স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন|
তাদের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে এ ধরনের প্রকল্প নগরীর বিভিন্ন এলাকায় সম্প্রসারণ করা হবে, যাতে সর্বস্তরের মানুষ এর সুফল ভোগ করতে পারেন|

