ঈশ্বরদীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

0
ঈশ্বরদীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদীতে ঝটিকা মিছিল করেছে সদ্য নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে মিছিলের পর বিকেলে পৌরসভার অরণকোলা সিমেন্ট মিলের সামনে থেকে সূর্য প্রামাণিক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার সূর্য প্রামাণিক অরণকোলা এলাকার নূর মোহাম্মদ ওরফে রুনুর ছেলে। তিনি ঈশ্বরদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি। গ্রেপ্তার হওয়া সূর্য ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র হাশেম কমিশনারের আপন চাচাতো ভাই বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শেখ হাসিনার দেশে ফেরাকে সামনে রেখে সোমবার ভোরে ঈশ্বরদী-ঢাকা মহাসড়কের হাড়ুখালি এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি অরণকোলা মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলের জের ধরে সোমবার বিকেলে অরণকোলা সিমেন্ট মিলের সামনে থেকে সূর্য প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। ঈশ্বরদী থানা ও আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথভাবে তাকে গ্রেপ্তার করেন।

আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, সকালে মিছিলের ঘটনার জের ধরে সূর্য নামের আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে তাকে আমবাগান পুলিশ ফাঁড়িতে রাখা হলেও পরে ঈশ্বরদী থানায় স্থানান্তর করা হয়।

ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা জামাল উদ্দীন বলেন, মামলার নথি ডিবির কাছে থাকায় ঠিক কোন মামলায় সূর্যকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তাকে কোনো রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানান তিনি।