রামুতে ডিবির বড় সাফল্য: ৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী ও রোহিঙ্গা সহযোগী আটক

0
রামুতে ডিবির বড় সাফল্য: ৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী ও রোহিঙ্গা সহযোগী আটক

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের রামুতে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপি’র এক শীর্ষ নেতার স্ত্রী এবং তার এক রোহিঙ্গা সহযোগীকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া এলাকায় এই সফল অভিযানটি পরিচালিত হয়।

আটককৃতরা হলেন—ছালেহা বেগম (৪৫), যিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি নজরুল ইসলামের স্ত্রী। তার সহযোগী মোহাম্মদ হাসিম ওরফে ওসমান (৩৫), উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর আশ্রিত বাসিন্দা।

জেলা ডিবি পুলিশ জানায়, মিয়ানমার থেকে চোরাই পথে আসা মাদকের একটি বড় চালান রামুর হাজীরপাড়া এলাকায় বিএনপি নেতা নজরুল ইসলামের বসতবাড়িতে মজুত করা হয়েছে—এমন একটি সুনির্দিষ্ট ও গোপন তথ্য আসে গোয়েন্দা বিভাগের কাছে।

তথ্য পাওয়ার পরপরই ডিবির একটি চৌকস দল ওই বাড়িতে আকস্মিক হানা দেয়। পুলিশি ঘেরাওয়ের মধ্যে ঘরে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচার ও মজুতের অভিযোগে বিএনপি নেতার স্ত্রী ছালেহা ও রোহিঙ্গা নাগরিক ওসমানকে আটক করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের আরও ৩ থেকে ৪ জন সক্রিয় মাদক কারবারি কৌশলে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান “আটককৃত দুই মাদক কারবারি এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সহযোগীদের বিরুদ্ধে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও যোগ করেন, সীমান্ত এলাকা থেকে ইয়াবার এই বিশাল চালানটি কার মাধ্যমে এবং কোথায় পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এই আন্তর্জাতিক মাদক চক্রের সাথে জড়িত পলাতক আসামিদের ও গডফাদারদের আইনের আওতায় আনতে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।