তাসদিকুল হাসানঃ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ’ ২০২৩-২৪ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৮৭ জন শিক্ষার্থী। সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়ের উপসচিব রতন কুমার মন্ডল স্বাক্ষরিত দুইটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
দুই ক্যাটাগরিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৩২ জন শিক্ষার্থী এবং জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৫৫ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। ফেলোশিপপ্রাপ্তরা এমএসসি ক্যাটাগরিতে প্রত্যেকে ৫৪ হাজার টাকা, এমফিল ক্যাটাগরিতে ৬৮হাজার চারশত টাকা ও পিএইচডি ক্যাটাগরিতে তিন লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে মোট ৩টি গ্রুপে এ ফেলোশিপ প্রদান করা হয়। এগুলো হচ্ছে- (১) ভৌত, জৈব ও অজৈব বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ বিজ্ঞান, নবায়নযোগ্য শক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ন্যনোটেকনোলজি, লাগসই প্রযুক্তি। (২) জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং (৩) খাদ্য ও কৃষি বিজ্ঞান।
১৯৯৫-১৯৯৬ অর্থবছর থেকে ২০০০-২০০১ অর্থবছর পর্যন্ত এ খাতে মোট বরাদ্দ ছিলো ২,৩২,০০,০০০/- (দুই কোটি বত্রিশ লক্ষ) টাকা। বরাদ্দপ্রাপ্ত অর্থ থেকে মোট ১,০৭৮ জনকে ফেলোশিপ প্রদান করা হয় এবং ২০০৮-২০০৯ থেকে ২০২১-২০২২ অর্থবছর পর্যন্ত ২২,৭১০৮ জন ফেলোকে মোট ১৩৯ কোটি ২৯ লক্ষ টাকা ফেলোশিপ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১৯৯৭-১৯৯৮ অর্থবছর থেকে বিজ্ঞান বিষয়ক গবেষণার জন্য বিশেষ গবেষণা অনুদান কার্যক্রম শুরু করে। প্রতিবছর বায়োলজিক্যাল সায়েন্স, মেডিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও ইন্টার-ডিসিপ্লিনারি গ্রুপসহ ৬টি গ্রুপে গবেষণা অনুদান প্রদান করা হয়।

