রাজশাহীর পবায় টিসিবির গোডাউনে ভয়াবহ আগুন, পুড়ল তেল-ডাল-চিনি

0
রাজশাহীর পবায় টিসিবির গোডাউনে ভয়াবহ আগুন, পুড়ল তেল-ডাল-চিনি

মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে|

আগুনে গোডাউনে মজুত বিপুল পরিমাণ ভোজ্যতেল, ডাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে গেছে| বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে| ঘটনাস্থল ঘুরে দেখা যায়, গোডাউনের ভেতরে থাকা কয়েক হাজার লিটার সয়াবিন তেলের বোতল আগুনে গলে চারদিকে ছড়িয়ে পড়েছে| স্তূপ করে রাখা শত শত বস্তা ডাল, চিনি ও অন্যান্য পণ্যও আগুনে পুড়ে কালো কয়লায় পরিণত হয়েছে| আগুনের তাপে গোডাউনের দেয়াল ও দরজা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে| ফায়ার সার্ভিস জানায়, গোডাউনের ভেতর ঘিঞ্জি পরিবেশ এবং বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়| প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ˆবদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে|

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানানো সম্ভব হয়নি| স্থানীয় সূত্রে জানা গেছে, নিম্ন আয়ের মানুষের জন্য বৃহস্পতিবার টিসিবির পণ্য বিক্রির কথা ছিল| আগুনের ঘটনায় পণ্য নিতে এসে হতাশ হয়ে ফিরে যান অনেকে| পণ্য নিতে আসা মতিন নামের এক ব্যক্তি বলেন, গতকাল এলাকায় মাইকিং করা হয়েছিল আজ টিসিবির পণ্য দেওয়া হবে| সকালে এসে দেখি সব পুড়ে গেছে| খালি হাতেই ফিরে যেতে হচ্ছে|

এদিকে জনবহুল নওহাটা কলেজ মোড় এলাকায় আগুন লাগার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে| স্থানীয়রা জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে না এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত| পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গোডাউনে আগুন লাগার বিষয়টি জানা গেছে| এ ঘটনায় টিসিবির ডিলারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে|

বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ করছে|