আকাশসীমায় ইরানের মহাপ্রলয়: যুক্তরাষ্ট্রের দুটি এফ-৩৫ ও উদ্ধারকারী হেলিকপ্টারও ভূপাতিত

0
আকাশসীমায় ইরানের মহাপ্রলয়: যুক্তরাষ্ট্রের দুটি এফ-৩৫ ও উদ্ধারকারী হেলিকপ্টারও ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে চরম নাটকীয়তা আর উত্তেজনার পারদ চড়িয়েছে ইরান। দেশটির দাবি অনুযায়ী, মার্কিন বিমান বাহিনীর অহংকার হিসেবে পরিচিত দুটি অত্যাধুনিক এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরানি বাহিনী। শুধু তাই নয়, ভূপাতিত পাইলটদের উদ্ধারে আসা একটি মার্কিন সামরিক হেলিকপ্টারকেও ক্ষেপণাস্ত্রের আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা মেহর নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় টেলিভিশন এই চাঞ্চল্যকর খবরটি নিশ্চিত করেছে।

ইরানের সামরিক সূত্র জানিয়েছে, এই হামলাগুলো তাদের সূক্ষ্মভাবে পরিকল্পিত ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর অংশ। তেহরান দাবি করেছে, তারা কেবল আকাশপথেই সফল হয়নি, বরং সংযুক্ত আরব আমিরাতে (UAE) অবস্থিত মার্কিন পাইলটদের একটি গোপন ঘাঁটি বা সেফ হাউস সফলভাবে ধ্বংস করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই হামলায় মার্কিন সামরিক অবকাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টা করলে ইরানি প্রতিরক্ষা ব্যবস্থার কবলে পড়ে যুক্তরাষ্ট্রের দুটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। ক্ষেপণাস্ত্রের অব্যর্থ নিশানায় বিমান দুটি ভূপাতিত হয়। এর পরপরই নিখোঁজ পাইলটদের সন্ধানে একটি উদ্ধারকারী হেলিকপ্টার ওই এলাকায় প্রবেশ করলে সেটিকেও টার্গেট করা হয়। মেহর নিউজের তথ্যমতে, ক্ষেপণাস্ত্রের আঘাতে হেলিকপ্টারটি মাঝ আকাশেই ধ্বংস হয়ে যায়।

গত বছরের জুন মাসের দীর্ঘ বিরতির পর গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে নতুন করে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরান শুরু থেকেই হুঁশিয়ারি দিয়ে আসছিল যে, প্রতিটি আঘাতের জবাব দেওয়া হবে কড়া ভাষায়। আট মাস পর শুরু হওয়া এই পাল্টা আক্রমণ মধ্যপ্রাচ্যে একটি পূর্ণমাত্রার যুদ্ধের শঙ্কা বাড়িয়ে দিয়েছে।

এই ঘটনার পর পেন্টাগন বা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞদের মতে, অত্যাধুনিক এফ-৩৫ ভূপাতিত হওয়ার এই খবর যদি সত্য হয়, তবে তা বিশ্বরাজনীতি ও সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে।